চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী খাতুন (৩০) নামের ওই নারীর মৃত্যু হয়। তিনি জেলা শহরের শিবতলা চাঁদলাই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ফেরদৌসী খাতুন গতকাল বেলা ১১টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৫ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরদৌসী খাতুন ডেঙ্গু পজিটিভ ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। তিনি আরও বলেন, চলতি মাসেই এর আগে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।