চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত দলের হামলায় চার বন্ধু আহত হয়েছেন। এ সময় তাঁদের একটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তালপল্লি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ভোলাহাট উপজেলার ঝাউবোনা এলাকার হাবিব (১৯), রোহান (১৯), হাসিব (২০) ও মোবাচ্ছের (১৯)।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে চার বন্ধু ভোলাহাট-শিবগঞ্জ সড়কের তালতলি বিলে বেড়াতে যাচ্ছিলেন। পথে তালপল্লি এলাকায় পৌঁছালে ডাকাত দলের সদস্যরা তাঁদের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ধারালো অস্ত্র হাসুয়া ও বাঁশ দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে চার বন্ধু আহত হন। পরে তাঁদের একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ওসি আরও জানান, খবর পেয়ে বিলের রাস্তায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁদের মধ্যে হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান ওসি আব্দুল বারিক।