হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তে ভারতীয় বোনের লাশ দেখে কাঁদলেন বাংলাদেশি ভাই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আন্তর্জাতিক সীমারেখায় সেলিনা বেগমের লাশ তাঁর বাংলাদেশি স্বজনদের দেখানোর ব্যবস্থা করা হয়। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের সহযোগিতায় ভারতীয় নারীর লাশ তাঁর বাংলাদেশি আত্মীয়স্বজনদের দেখানো হয়েছে। আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভারতের মালদা জেলার গোলাপগঞ্জ থানার চকমাহিলপুর গ্রামের বাসিন্দা সেলিনা বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগিচাপাড়া গ্রামের তাঁর ভাই তোফাজ্জল হকসহ পরিবারের অন্য সদস্যরা বোনের লাশ দেখার আবেদন জানান বিজিবির কাছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে বিজিবি দ্রুত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। উভয় বাহিনীর সম্মতিতে আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে আজমতপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৮২/২-এসের কাছে আন্তর্জাতিক সীমারেখায় লাশ দেখার ব্যবস্থা করা হয়। এ সময় উভয় বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশি স্বজনেরা মৃত সেলিনা বেগমের লাশ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা শেষবারের মতো প্রিয়জনকে দেখতে পেরে স্বস্তি প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘বিজিবি অত্যন্ত মানবিক একটি বাহিনী। এ ধরনের মানবিক কাজে আমরা সব সময় সহানুভূতিশীল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

এক মাসের বেতনে এক দিনের চিকিৎসা

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের হামলায় ৭ জন আহত, সাংবাদিক-পুলিশ লাঞ্ছিত

ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের ছয় দিন পর লাশ মিলল পদ্মা নদীতে

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

শিশুর গলা চেপে ওপরে তুলে মাটিতে ফেলে দেওয়া সেই মাদ্রাসাশিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর: ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ

ম্যাঙ্গো ক্যালেন্ডার থাকছে না, পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স