চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর একটি শাখায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আনিকা খাতুনের মরদেহ প্রায় ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া এলাকার রুবেলের ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আনিকা খাতুন নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া গ্রামের আনিকুল ইসলামের মেয়ে। সে স্থানীয় জহুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। চেয়ারম্যান নাজির হোসেন বলেন, বুধবার বেলা ২টার দিকে বাড়ির অদূরে পদ্মা নদীর একটি শাখায় গোসল করতে যায় আনিকা। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়েও আনিকার সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় জহুরপুর-বেলপাড়া এলাকার রুবেলের ঘাটে তার মরদেহ পাওয়া যায়।