হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৭ কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

উদ্ধার করা হেরোইন। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মো. আল-মামুন (৪০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে এসআরবি।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদী হাসানের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫ এর সদর রাজশাহী কোম্পানির একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ির সামনে খড়ি রাখার ঘরের ভেতর থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মেহেদী হাসান ওমরপুর হঠাৎপাড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে। এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন।

এসআরবির দাবি, জিজ্ঞাসাবাদে মেহেদী ও পলাতক আল-মামুন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে শিবগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আল-মামুনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে এসআরবি।