হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

ববি হাজ্জাজের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিএনপির দুই পক্ষের হট্টগোল। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মতবিনিময় সভায় দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।

আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জেলা সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এমপি নুরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হারুনুর রশীদ এবং জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এরপর প্রাথমিক শিক্ষা ও শিক্ষাসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা বিএনপির কোনো নেতাকে দাওয়াত না দেওয়ায় দলের একাংশের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এ বিষয়ে সার্কিট হাউসে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলতে যান জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম। এ সময় হারুনুর রশীদ অনুষ্ঠানটি রাজনৈতিক নয় উল্লেখ করে জেলা বিএনপির সদস্যসচিবের আচরণকে ‘বেয়াদবি’ বলে মন্তব্য করেন। একপর্যায়ে তিনি প্রতিমন্ত্রীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, ‘জেলায় প্রতিমন্ত্রী এলেন। কিন্তু প্রটোকল অনুযায়ী আমাদের কেন জানানো হয়নি, তা ডিসি ও প্রতিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম। তখন হারুন সাহেব মন্ত্রীকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। মন্ত্রী আমাদের খাবারের আমন্ত্রণ জানালে আমি বলি, আমরা খেতে আসিনি, কেন জানানো হয়নি তা জানতে এসেছি। এরপর হারুন সাহেব আমাদের বিরুদ্ধে বেয়াদবির অভিযোগ তুললে আমি পাল্টা প্রশ্ন করি, আমরা বেয়াদবি করছি না কি তিনি নিজেই করছেন?’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের কাছে জিজ্ঞাসা করলেই প্রকৃত বিষয় স্পষ্ট হবে।’

সরকারি প্রটোকল না মানা এবং এ নিয়ে হট্টগোলের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ‘কেন এ ঘটনা ঘটেছে সেটা তাদেরই জিজ্ঞেস করুন। আমি কিছু বলতে পারব না।’