হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল-ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দুর্ঘটনার পর যুবককে উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোটরসাইকেল ও স্টিয়ারিং ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. তারেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তারেক নওগাঁ জেলার পোরশা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেন্টু ওরফে মামুনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বিকেলে বড়দাদপুর মোড় এলাকায় মোটরসাইকেল ও স্টিয়ারিং ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক তারেক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আহত যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।