চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে একটি ঝটিকা মিছিল হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে উপজেলার বিনোদপুর বাজার এলাকায় এ মিছিল হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনোদপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি রবিউল ইসলাম রবুর নেতৃত্বে ২৫০ থেকে ৩০০ জন নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি বিনোদপুর বাজারসংলগ্ন ভুলকির মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। প্রায় ১০ মিনিট স্থায়ী এ মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা অংশ নেন। এ সময় মিছিলে থাকা সমর্থকদের হাতে পাইপ ও লাঠি এবং মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিনোদপুর বাজারসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল হয়েছে।