হোম > সারা দেশ > ভোলা

ভোলায় ৪ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় চার কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁদবা এলাকার মো. ফারুক হোসেন (৩২) এবং তাঁর স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।

পুলিশ জানায়, আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় পুলিশ। পরে অটোরিকশাটি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজার মালিক মো. ফারুক হোসেন ও মোসা. সিমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, গ্রেপ্তার দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর ভোলার আদালতে পাঠানো হয়েছে।