হোম > সারা দেশ > ভোলা

নদী-চর-সবুজের সঙ্গে কুয়াশার মিতালি, ভ্রমণপিপাসুদের ডাকছে মনপুরা

মো. সজীব মোল্লা, মনপুরা (ভোলা)

সূর্যের আলো ধীরে ধীরে কুয়াশার আবরণ ভেদ করে নদীর বুকে ছড়িয়ে পড়লে প্রকৃতি পায় নতুন মাত্রা। ছবি: সংগৃহীত

শীতের আগমনী বার্তায় কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। হিমেল বাতাস, নদীর বুকে ধোঁয়াটে কুয়াশা আর বিস্তীর্ণ সবুজ মাঠে প্রকৃতি সাজছে নতুন রূপে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেঘনার বুকে কুয়াশার আস্তরণ, সারি সারি গাছপালা, আঁকাবাঁকা মেঠোপথ আর গ্রামীণ জনপদের স্নিগ্ধ দৃশ্য তৈরি করে মায়াবী পরিবেশ। প্রকৃতির এই রূপ পর্যটকদের হাতছানি দিচ্ছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা।

ভোলা জেলা শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত মনপুরা। বঙ্গোপসাগর ও মেঘনা নদীবেষ্টিত এই দ্বীপের রয়েছে স্বতন্ত্র ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রাকৃতিক সৌন্দর্য। নগরজীবনের কোলাহল থেকে দূরে নিরিবিলি পরিবেশে সময় কাটানো, নদীর সৌন্দর্য উপভোগ কিংবা প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য মনপুরা হতে পারে ভ্রমণপিপাসুদের আকর্ষণীয় গন্তব্য।

শীত মৌসুমে রস সংগ্রহের প্রস্তুতি হিসেবে খেজুরগাছ পরিচর্যা করছেন গাছি। ছবি: সংগৃহীত

শীতের সকালে ঘন কুয়াশায় ঢেকে থাকে নদী। হিমেল বাতাসের পরশ আর সূর্যের প্রথম আলোর মিতালি মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। রাস্তার পাশে সারি সারি খেজুরগাছ, গাছিদের রস সংগ্রহ আর গ্রামীণ উঠানে গুড় তৈরির ব্যস্ততা তুলে ধরে শীতের বাংলার চিরচেনা ঐতিহ্য। কোথাও চিতই পিঠাসহ নানা ধরনের পিঠা তৈরির আয়োজন, কোথাও কৃষকের মাঠে কর্মব্যস্ততা—সব মিলিয়ে মনপুরার গ্রামীণ জীবন হয়ে ওঠে প্রাণবন্ত।

সূর্যের আলো ধীরে ধীরে কুয়াশার আবরণ ভেদ করে নদীর বুকে ছড়িয়ে পড়লে প্রকৃতি পায় নতুন মাত্রা। দূর দিগন্তে নদী আর আকাশের মিতালি, নৌকার ধীর গতির চলাচল এবং ঢেউয়ের মৃদু শব্দ ভ্রমণকারীদের মনে এনে দেয় প্রশান্তির অনুভূতি। শীতের সকালে নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখা কিংবা বিকেলে সূর্যাস্তের রঙিন আভা উপভোগ করা হতে পারে ভ্রমণের স্মরণীয় অভিজ্ঞতা।

মেঘনা নদীবেষ্টিত মনপুরার অন্যতম আকর্ষণ বিস্তীর্ণ নদীতীর ও জলরাশি। নদীতে জেলেদের মাছ ধরা, নৌযানের চলাচল এবং উপকূলীয় মানুষের জীবনসংগ্রাম দ্বীপটির সৌন্দর্যের পাশাপাশি তুলে ধরে নদীকেন্দ্রিক জনজীবনের বাস্তব চিত্র। প্রকৃতিপ্রেমীদের পাশাপাশি আলোকচিত্রীদের জন্যও এখানকার নদী, কুয়াশা, সবুজ প্রকৃতি ও গ্রামীণ পরিবেশ ছবি তোলার দারুণ অনুষঙ্গ।

হিমেল বাতাসের পরশ আর সূর্যের প্রথম আলোর মিতালি মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। ছবি: সংগৃহীত

মনপুরার সবুজ ফসলের মাঠ, আঁকাবাঁকা পথ, গাছপালায় ঘেরা জনপদ আর নদীর তীরের জনবসতি পর্যটকদের সামনে তুলে ধরে বাংলার গ্রামীণ জীবনের অনন্য রূপ। স্থানীয় মানুষের জীবনযাপন, মাছ ধরা, নৌযাত্রা ও ঋতুভিত্তিক কর্মযজ্ঞের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও রয়েছে এখানে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, এমন ভ্রমণপিপাসুদের জন্য মনপুরা হতে পারে ভিন্নধর্মী অভিজ্ঞতার ঠিকানা।

শীতকাল সাধারণত ভ্রমণের উপযোগী সময়। এ সময় তুলনামূলক আরামদায়ক আবহাওয়ায় ঘোরাঘুরি, ছবি তোলা ও খোলা পরিবেশে সময় কাটানো সহজ হয়। বিশেষ করে কোলাহলপূর্ণ পর্যটনকেন্দ্রের পরিবর্তে যারা প্রকৃতির সান্নিধ্যে শান্ত সময় কাটাতে চান, তাঁদের কাছে মনপুরার আকর্ষণ আলাদা।

প্রাকৃতিক সৌন্দর্য ও স্বতন্ত্র ভৌগোলিক অবস্থানের কারণে মনপুরায় পর্যটনশিল্প বিকাশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, পর্যটকবান্ধব যোগাযোগব্যবস্থা, নিরাপদ নৌযাত্রা, মানসম্মত আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। একই সঙ্গে দ্বীপের জীববৈচিত্র্য, নদী ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করাও জরুরি।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নও মনপুরার পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন। জাতীয় সংসদে এবং চলতি বছরের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চরফ্যাশন ও মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন।

সাক্ষাৎকারে নুরুল ইসলাম নয়ন বলেন, পরিকল্পিতভাবে টেকসই ইকো-ট্যুরিজম গড়ে তোলা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি উল্লেখ করেন, মনপুরা ও চরফ্যাশনের বিস্তীর্ণ চরাঞ্চল, নদী, সমুদ্র ও প্রাকৃতিক পরিবেশ পর্যটন বিকাশের জন্য অত্যন্ত উপযোগী। সরকার মনপুরাকে পর্যটন অঞ্চল হিসেবে ঘোষণা করলে পরিবেশের ভারসাম্য বজায় রেখে টেকসই পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব হবে।

ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবার সোনার দুল নিয়ে উধাও

বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সুপারি বাগানে চলছিল জুয়ার আসর, সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৭

ঢাকা থেকে সকালে এসেছিল ভোলায় নানাবাড়িতে, দুপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি

দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৬

ক্যাম্পাসে গণতন্ত্র গলাটিপে হত্যা করা ছাত্রদলের ঐতিহ্য: ভোলায় ডাকসু জিএস

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরালের পর সেই ভূমি কর্মকর্তাকে বদলি

ঢাকার আব্দুল্লাহপুর থেকে নিখোঁজ মনপুরার যুবকের ২ দিনেও মেলেনি সন্ধান

একই মাঠে ছাত্রদল ও শিবিরের কর্মসূচি, ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান বন্ধের নির্দেশ