ভোলার দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের দৌলতখান উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মঞ্জুর আলম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রামপুরা থানার ডিউটি অফিসার এএসআই আবুল কালাম আজাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম খান ঢাকায় তাঁর এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মঞ্জুর আলম খানের বিরুদ্ধে ঢাকার রামপুরা ও ভোলা সদর মডেল থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড, বিএনপি কার্যালয় ভাঙচুর, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
রামপুরা থানার ডিউটি অফিসার এএসআই আবুল কালাম আজাদ বলেন, মঞ্জুর আলম খানকে শনিবার সকালে রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার করার পর দুপুরের দিকে রামপুরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।