হোম > সারা দেশ > ভোলা

দুই কেজির ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ৯ হাজার টাকায়

মনপুরা (ভোলা) প্রতিনিধি

জেলের জালে ধরা পড়ল দুই কেজির ‘রাজা ইলিশ’। ছবি আজকের পত্রিকা

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের একটি ইলিশ। স্থানীয় মাছের আড়তে নিলামে ইলিশটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। উপকূলীয় অঞ্চলের জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছে বড় আকারের এমন ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্য ঘাটে অনি চৌধুরীর মাছের আড়তে ইলিশটি বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ীরা জানান, রামনেওয়াজ ঘাট-সংলগ্ন মেঘনা নদীতে শরীফ মাঝির জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে নিলামে তুললে ৯ হাজার টাকায় কিনে নেন আড়তদার অনি চৌধুরী।

জেলে শরীফ মাঝি জানান, দুপুরে পশ্চিম পাশের মেঘনা নদীতে জাল ফেলে তিনি মাছ শিকার করছিলেন। তখন ছোট আকারের ইলিশের সঙ্গে রাজা ইলিশ মাছটি ধরা পড়ে।

আড়তদার অনি চৌধুরী জানান, এখন বড় আকারের ইলিশ সহজে ধরা পড়ে না। রাজা ইলিশটি লঞ্চে করে ঢাকায় পাঠানো হবে। সেখানে মাছটি আরও বেশি দামে বিক্রি করা যাবে বলে প্রত্যাশা তাঁর।

উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, বৃষ্টি বাড়লে নদীতে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে।