হোম > সারা দেশ > ভোলা

ক্যানসারে নিঃস্ব কৃষক খলিল, অর্থাভাবে বন্ধ হওয়ার পথে চিকিৎসা

আরিফ হোসেন, চরফ্যাশন (ভোলা)

ক্যানসারে আক্রান্ত খলিল ও তাঁর পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

কৈশোর থেকেই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন ৪৫ বছর বয়সী মো. খলিল। মাঠে কঠোর পরিশ্রম করে স্ত্রী ও তিন কন্যাসন্তানকে নিয়ে চলছিল তাঁর ছোট্ট সংসার। কিন্তু হঠাৎ ক্যানসারের মতো মরণব্যাধিতে আক্রান্ত হয়ে এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘ ১৩ মাস ধরে চিকিৎসা চললেও অর্থাভাবে তা এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

মো. খলিল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে খলিল জ্বরে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকেরা টাইফয়েড শনাক্ত করে চিকিৎসা দেন। কিন্তু অবস্থার উন্নতি না হয়ে বরং তাঁর শরীরে রক্তের পরিমাণ কমতে থাকে এবং শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি ক্যানসারে আক্রান্ত।

রোগ শনাক্ত হওয়ার পর রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন খলিল। চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের জমিজমা, সঞ্চয়সহ প্রায় সব সম্পদ বিক্রি করতে হয়েছে। এ পর্যন্ত তাঁর চিকিৎসায় প্রায় ৯ লাখ টাকা ব্যয় হয়েছে। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে এখন চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

খলিলের স্ত্রী সুখী বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া প্রয়োজন। কিন্তু সেখানে চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ দরকার, যা আমাদের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।’

খলিলের প্রতিবেশী ছিদ্দিকুর রহমান বলেন, ‘খলিলের পরিবারে স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। তাদের মধ্যে একজন প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন খলিল। তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ায় পুরো পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা এগিয়ে এলে তার চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে।’

চরফ্যাশন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, ‘ক্যানসারে আক্রান্ত খলিলের বিষয়ে খোঁজখবর নিয়ে সরকারি সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে।’

ভোলায় অবৈধ ড্রেজার, বাল্কহেডসহ আটক ১৫

পান্তা ভাতেই চলে জীবন, দুই নাতিকে নিয়ে বাঁচার আকুতি রিজিয়া বিবির

বোরহানউদ্দিনে খাল খননের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর

ভোলায় যৌতুকের মামলায় স্বামীর জামিন, আদালতে বিষ পান করে স্ত্রী হাসপাতালে

ভোলার লালমোহনে সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে, চালক নিহত

চরফ্যাশনে ৫ হাজার সরকারি পাঠ্যবই বিক্রির চেষ্টা, মাদ্রাসা সুপারকে শোকজ

ভোলার মেঘনায় ধরা পড়ল ৩ কেজি ওজনের ইলিশ

মনপুরায় নিখোঁজের ২৭ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

মনপুরায় স্লুইস গেটের পানিতে সাঁতার কাটতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ

মনপুরায় চর থেকে লুট হওয়া ১৫ মহিষ উদ্ধার, থানায় মামলা