হোম > সারা দেশ > ভোলা

ভোলায় স্পিডবোটে মিলল সাড়ে ৩১ কেজি গাঁজা, যুবক আটক

ভোলা প্রতিনিধি

গাঁজা ও রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ আটক মো. সেলিম। ছবি: সংগৃহীত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ৩১ কেজি গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মো. সেলিম (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ইলিশার মাঝের চরসংলগ্ন মেঘনা নদীতে একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

আটক সেলিম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালীকাপর গ্রামের রমেজ আলীর ছেলে। আজ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

সুমন আল মুকিত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মেঘনা নদীর ইলিশার মাঝের চর এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

পরে বেলা ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি করে গাঁজা ও হুইস্কি উদ্ধার করা হয়। একই সঙ্গে স্পিডবোটে থাকা সেলিমকে আটক করা হয়।

জব্দ করা মাদক ও আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।