এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ভোলার চরফ্যাশন উপজেলার শিক্ষার্থী মো. রাসেল (১৭)। কিন্তু এই সুখবর জেনে যেতে পারল না সে। ফল প্রকাশের মাত্র চার দিন আগে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে সে। গত সোমবার পরীক্ষার ফলাফল দেখার পর রাসেলের শোকে পরিবার, স্বজন ও সহপাঠীরা কেবল কাঁদছে।
রাসেল দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালামের একমাত্র ছেলে। সে এ বছর দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। প্রকাশিত ফলাফলে সে জিপিএ-৩.৩০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। গত বৃহস্পতিবার বসতঘরের কাজের জন্য পুকুরে বৈদ্যুতিক মোটর বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে মারা যায় রাসেল।
রাসেলের বাবা মো. আবুল কালাম বলেন, ‘আমার চার মেয়ে আর একমাত্র ছেলে ছিল রাসেল। আমার ছেলেটা তার পরীক্ষার ফলাফল দেখে যেতে পারেনি। তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনেক স্বপ্ন ছিল। ছেলেকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’