ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুতায়িত হয়ে দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় তাঁদের বাবা আহত হন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আ. রহিম (৪০) ও রাকিব (৩০)। এ ঘটনায় তাঁদের বাবা আলম বক্তার আহত হন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আ. রহিম ও রাকিব দীর্ঘদিন যাবৎ গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ঘটনার দিন সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে নিয়ে আলম বক্তারের শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার জন্য আসে। এ সময় বিদ্যুতের একটি ছেঁড়া তার দেখে তাদের বাবা আলম বক্তার সরাতে গেলে বিদ্যুতায়িত হন।
আলম বক্তারকে বাঁচাতে নিচে থাকা এক ছেলে এগিয়ে এলে সেও বিদ্যুতায়িত হয়। এ সময় তাঁকে বাঁচাতে গাছে থাকা আরেক ছেলে নিচে নেমে এলে তাঁরা দুই ভাই বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তবে সামান্য আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যান তাঁদের বাবা আলম বক্তার।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।