ভোলার লালমোহনে সুপারি পাড়া নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আবদুল জলিলকে (৬৫) হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই আ. সহিদের (৬৬) বিরুদ্ধে। আজ বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সহিদকে আটক করেছে পুলিশ।
নিহত আবদুল জলিল ও অভিযুক্ত সহিদ ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে নিজেদের বাগান থেকে সুপারি পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সহিদ ছোট ভাই জলিলকে কিল-ঘুষি মারেন। পরে সুপারি গাছের সঙ্গে তাঁর গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়।
খবর পেয়ে লালমোহন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহিদকে আটক করে থানায় নিয়ে যায়। জলিলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, সুপারি পাড়ার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত সহিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।