হোম > সারা দেশ > ভোলা

মিয়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

ভোলা প্রতিনিধি 

জব্দ করা সিমেন্ট। ছবি: সংগৃহীত

মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন মো. শাহদাত হোসেন (৪০), মো. ফোরকান (৪৭), মো. হারুন অর রশিদ বাবুল (৪২), মো. আরিফ (২৫) ও জামসেদ (৩২)। তাঁদের বাড়ি ভোলার লালমোহন, নোয়াখালীর হাতিয়া এবং পটুয়াখালীর গলাচিপা এলাকায়।

চোরাচালান রোধে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভোলা ও লক্ষ্মীপুরের রামগতির সীমান্তবর্তী চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালায় কোস্ট গার্ড।

আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

সাব্বির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড ভোলা ও লক্ষ্মীপুরের রামগতির সীমান্তবর্তী চর আব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের মোট ওজন ৩২ হাজার ৫০০ কেজি। এ সময় আটক করা হয় ৫ জনকে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।