ভোলার মনপুরায় পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের মার্চে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল।
গ্রেপ্তার শহিদুল ইসলাম মোল্লা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই ইউনিয়নের বাসিন্দা।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শহিদুল ইসলাম মোল্লা পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের পর আজ আদালতে সোপর্দ করা হয়েছে।