ভোলার মনপুরায় বিয়েবাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে জেনারেটরে বিদ্যুতায়িত হয়ে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক কিশোর ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকতার রাঢ়ীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটরের বিদ্যুতায়িত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, বিদ্যুতায়িত আশরাফুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।