হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শাশুড়ি পলাতক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতীকী ছবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে সাথী আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বকশিরচর গ্রামের নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।

নিহত সাথী আক্তার বরিশাল নগরের মুখার্জিরপুল এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। প্রায় তিন বছর আগে বাবুগঞ্জের বকশিরচর এলাকার শাহ আলম মৃধার ছেলে নাইম মৃধার সঙ্গে তাঁর বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সাথীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ যাওয়ার পরপরই নিহতের স্বামী নাইম মৃধা ও শাশুড়ি ফাতেমা বেগম বাড়ি ছেড়ে পালিয়ে যান। এদিকে নিহতের স্বজনদের অভিযোগ, তাঁদের মরদেহ দেখতে বাধা দেওয়া হয়েছিল।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাইম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’