দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা।
আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮-এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
গ্রেপ্তার আ. মান্নান জুয়েল বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আ. হক মিয়ার ছেলে।
মো. শাহরিয়ার রিফাত অভি জানান, ২০১২ সালে আ. মান্নান জুয়েলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়াও তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন বিচারক। তবে রায় ঘোষণার পর থেকেই জুয়েল আত্মগোপনে চলে যান। তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।