হোম > সারা দেশ > বরিশাল

সেবা নিয়ে শেবাচিমে বিশৃঙ্খলা

খান রফিক, বরিশাল 

শেরেবাংলা মেডিকেল কলেজ। ছবি: আজকের পত্রিকা

বিশৃঙ্খলায় চলছে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)। প্রায়ই চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠছে। এ নিয়ে কথা বলতে গেলেই চিকিৎসকদের মারধরের শিকার হতে হচ্ছে অভিভাবকদের। গত মঙ্গলবার রাতেও এক নবজাতকের মৃত্যুর ঘটনায় দুই স্বজনকে মারধর করে আটকে রাখেন ইন্টার্ন চিকিৎসকেরা।

দুই বছর ধরে হাসপাতালটিতে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির কোনো অস্তিত্ব নেই। সবশেষ ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের আগপর্যন্ত আওয়ামী লীগ সরকারের (বর্তমানে কার্যক্রমনিষিদ্ধ দল) পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। সংশ্লিষ্টরা মনে করেন, শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করতে ঢেলে সাজানো দরকার।

শেবাচিমে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় শয্যা মাত্র ২৪টি। কিন্তু প্রতিদিন ওই ওয়ার্ডে ভর্তি থাকে ২০০ শিশু। হাম ও হামের উপসর্গে বরিশাল বিভাগে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৬ শিশুর। এর মধ্যে শেবাচিমেই মৃত্যু হয় ২৬ শিশুর। এর মধ্যে দুই শিশুর মৃত্যু হয় গতকাল বুধবার। এত মৃত্যুর জন্য চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করছেন অনেকে।

শিশুদের চিকিৎসায় চরম অবহেলার বর্ণনা করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন খোদ শেবাচিমের চিকিৎসা কর্মকর্তা ইশতিয়াক আহমেদ রিফাত। তিনি ২১ দিনের সন্তানকে হারিয়ে দায়ী করেছেন শেরেবাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক আশীষ হালদারকে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে। ডা. ইশতিয়াক ফেসবুকে লেখেন, ‘কল দিয়ে ডা. আশীষ স্যারের পা ধরছি, তারপরও তিনি আসেননি।’ ডা. ইশতিয়াক শিশুবিশেষজ্ঞ আশীষের উদ্দেশে বলেন, ‘একটু মানুষ হোন, স্যার। প্লিজ।’

বরিশাল স্বাস্থ্য বিভাগ গতকাল জানিয়েছে, গত জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত বরিশাল বিভাগে হাম উপসর্গে মারা গেছে ৩৬ শিশু। এর মধ্যে শেবাচিম হাসপাতালেই মারা যায় ২৬ শিশু। চলতি বছর হামের উপসর্গে আক্রান্ত হয় বরিশাল বিভাগে ৫ হাজার ৭১২ জন। এর মধ্যে শেবাচিম হাসপাতালে ভর্তি ছিল ২ হাজার ৩৪১ জন।

শেবাচিম হাসপাতাল ঘুরে দেখা গেছে, গাদাগাদি করে মেঝেতে চিকিৎসা চলছে শিশুদের। একই অবস্থা নিবিড় পরিচর্যা কেন্দ্রেও।

হাসপাতালের নবজাতক ওয়ার্ড সূত্রে জানা গেছে, বানারীপাড়া উপজেলার উজ্জ্বল দের ৭ দিন বয়সী মেয়েকে ১৫ মে শেবাচিম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার সন্ধ্যার পর শিশুটির মৃত্যু হয়। এরপর স্বজনেরা চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ তোলেন। এ নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে স্বজনদের বাগ্‌বিতণ্ডা হয়। কিছুক্ষণ পর মেডিকেল কলেজের কয়েক শিক্ষার্থী গিয়ে স্বজনদের মারধর করে লাশসহ ৭ ঘণ্টা আটকে রাখেন। পরে রাত ১টার দিকে মুচলেকা দিয়ে ছাড়া পান তাঁরা।

এর আগে ১৫ মে শেবাচিম হাসপাতালে শয্যা না পেয়ে নার্স ও ওয়ার্ড বয়ের সঙ্গে মারামারি হয় রোগীর স্বজনদের। এ ঘটনায় রোগীর ছেলেকে পুলিশে দেওয়া হয় বলে জানা গেছে।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বলেন, শেবাচিম হাসপাতালে মুমূর্ষু রোগী মারা যেতেই পারে। শিশুরা তো বাসায় বসেও মরতে পারে। তা ছাড়া হামের বিষয়টা তিনি দেখছেন না। মঙ্গলবার রাতের ঘটনায় কোনো তদন্ত কমিটি হয়েছে কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি তো ঘটনাস্থলেই ছিলাম। হস্তক্ষেপ না করলে তো হাসপাতাল বন্ধ হয়ে যেত। এর আর কী তদন্ত করব, বলেন?’

জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল নগর সম্পাদক রফিকুল আলম বলেন, কেবল স্বাস্থ্যমন্ত্রী আর উপদেষ্টা ঘুরে যান। কিন্তু শেবাচিমে শিশুদের অপ্রত্যাশিত মৃত্যু এবং স্বজনদের মার খাওয়া কি ওনাদের চোখে পড়ে না? ৭ বছর কীভাবে শিশু হাসপাতাল অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে?

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশালের সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী বলেন, বরিশাল শিশু হাসপাতাল চালু করতে না পারা সরকারের বড় ব্যর্থতা; যে কারণে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে না। হামে এতটা মৃত্যুর প্রতিবাদে আজ বৃহস্পতিবার তাঁরা নগরীতে প্রতিবাদ মিছিল করবেন। হাসপাতালে রোগীর স্বজন এবং ইন্টার্নদের মধ্যে বিরোধের সমাধান প্রসঙ্গে তিনি বলেন, স্বাস্থ্যকর্মীর সংখ্যা এবং স্বাস্থ্যব্যবস্থা উন্নতি করলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

নেছারাবাদে বিএনপি নেতার বিরুদ্ধে কাঠ ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ

‘এক শিক্ষার্থী এক গাছ’ স্লোগানে মুলাদীতে ৫ শতাধিক বৃক্ষরোপণ

চাঁদা না পেয়ে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, মুলাদীতে জেলেদের বিক্ষোভ

শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

মেহেন্দীগঞ্জে লোহার সেতু ভেঙে খালে, ভোগান্তি

লঞ্চে তরুণীকে ধর্ষণ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

বরিশালে বিআইডব্লিউটিএ দপ্তরে হঠাৎ উপস্থিত নৌপরিবহন প্রতিমন্ত্রী

উচ্চ আদালতের রুল জারি: বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ

হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল