বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের দায়ে চার বিভাগের মোট ৪৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী অপরাধের মাত্রা বিবেচনায় এই শাস্তির আদেশ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ এ তথ্য জানিয়ে বলেন, গতকাল মঙ্গলবার থেকে স্ব-স্ব বিভাগ ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ববি সূত্রে জানা গেছে, অপরাধের ধরন অনুযায়ী শিক্ষার্থীদের তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের একাডেমিক বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা এবং ১০ হাজার টাকা জরিমানা। সাজাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে আইন বিভাগের পাঁচজন, মার্কেটিং বিভাগের ১৯ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন।
ববি প্রশাসনিক সূত্রে জানা গেছে, মার্কেটিং বিভাগে ১৯ আগস্টের র্যাগিংয়ের ঘটনায় সুরাইয়া আক্তার, সৌরভ মালী, মো. মেহেদী হাসান অমি, আজিজুল ইসলাম চয়ন, ঐশী মহন্ত, এস এম সাইফুজ্জামান, মো. খালেদ হোসেন, জান্নাতুল বুশরা জুনি, আলিফ হোসেন নয়ন, নূর নবী, কিশোর কুমার দত্ত, রিফাত হাওলাদার ও হাসিব শেখকে ছয় মাসের বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া মো. সবুজ মিয়াকে এক বছরের বহিষ্কার অথবা ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই বিভাগের সাদিয়া বেগম, স্নেহা আক্তার, ফারিয়া শিমুল কলি, দিদারুল ইসলাম ও তাশফিক কবির রাফিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২২ জুলাইয়ের ঘটনায় মো. কাজী নাবির, সুমাইয়া আক্তার রিয়া, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা, মো. ওয়েদুজ্জামান রিফাত, মো. আরিফুল ইসলাম, সাদিয়া ইসলাম ও মো. নাইম ইসলামকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাহি আনোয়ারকে ১৫ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের বহিষ্কার এবং মো. রাকিবুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা বা এক বছরের একাডেমিক বহিষ্কার করা হয়।
সিএসই বিভাগে ৯ আগস্টের ঘটনায় মো. মাসুম বিল্লাহ ও মুবিনুল ইসলাম নোবেলকে এক বছরের একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা করে জরিমানা এবং মো. রবিউল ইসলাম, মো. মইনুল ইসলাম সাকিব, মো. রেজুয়ান আজাদ ওয়াসি ও মো. মাহফুজুর রহমানকে ছয় মাসের বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আর মো. মুজাহিদ হাওলাদার, অনিন্দা সাহা অর্ঘ্য, চন্দন মিস্ত্রি, কাউসার হোসেন সৌরভ, সুস্ময় তরুয়া, সাফায়েত ইসলাম শিহাব, অয়ন দাস দ্বীপ ও সিদ্ধার্থ সরকারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আইন বিভাগে ১৫ জুলাইয়ের র্যাগিংয়ের ঘটনায় জয়শ্রী রাণী বিশ্বাসকে ছয় মাসের বহিষ্কার অথবা ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া রুবাইয়া সুলতানা রাবা, মো. রিদোয়ান চৌধুরী, মো. মানজারুল হক ও রেসবুল হাসান আবিরকে এক বছরের জন্য একাডেমিক বহিষ্কার অথবা ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, র্যাগিংয়ের অভিযোগে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চার বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা এ বিষয়ে আরও কঠোর হবেন।