হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

মুলাদী থানা, বরিশাল। ছবি: আজকের পত্রিকা

​বরিশালের মুলাদীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের বাংলাবাজার ও পৌরসভার তেরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু সায়েম (৪৫) ও মুরাদ মল্লিক (৩৫)। আবু সায়েম মুলাদী সদর ইউনিয়নের খালাশিরচর গ্রামের ইস্কান্দার আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি মুলাদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে মুরাদ মল্লিক পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবাহান মল্লিকের ছেলে। তিনি পৌরসভা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। বর্তমানে উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে মুলাদী সদর ইউনিয়নের খালাশিরচর বাংলাবাজার এলাকা থেকে আবু সায়েমকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত পৌনে ১০টার দিকে পৌরসভার তেরচর এলাকায় নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মুরাদ মল্লিককে। তাঁদের দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার সকালে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।