হোম > সারা দেশ > বরিশাল

স্বামী-সন্তান রেখে যশোর থেকে বরিশালে তরুণী, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

কাজিরহাটের সোনাপুর গ্রামে বিয়ের দাবিতে তরুণীর অবস্থান। ছবি: সংগৃহীত

বিয়ের আশ্বাসে স্বামী-সন্তান রেখে যশোর থেকে বরিশালের মেহেন্দিগঞ্জে ছুটে এসেছেন ২৪ বছর বয়সী এক তরুণী। প্রেমের সম্পর্কের দাবি নিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন প্রেমিকের বাড়িতে। তবে তাঁর আসার খবরে বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেমিক হামিম হোসেন (২৮)। আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ওই তরুণী হামিমের বাড়িতেই অবস্থান করছিলেন।

ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটের সোনাপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে হামিম হোসেনের সঙ্গে যশোর সদর এলাকার ওই তরুণীর মুঠোফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর দাবি, প্রায় দুই বছরের এই সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে হামিম তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন।

তরুণী জানান, তাঁর আগের সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। হামিম তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কাজিরহাটে আসতে বলেন। সেই আশ্বাসে স্বামী ও সন্তানকে রেখে ২১ নভেম্বর যশোর থেকে কাজিরহাটে আসেন তিনি।

তাঁর ভাষ্য, কাজিরহাটে পৌঁছে হামিমের দেওয়া ঠিকানা অনুযায়ী প্রথমে তাঁর ভগ্নিপতি শাহিন খানের চরউদয়পুর গ্রামের বাড়িতে ওঠেন। সেখানে পাঁচ দিন অবস্থান করেন তিনি। এর মধ্যে হামিম এলাকা ছেড়ে চলে যান। পরে তাঁকে না পেয়ে গত বুধবার রাতে হামিমের বাড়িতে যান ওই তরুণী। সেখানে গেলে হামিমের মা-বাবা তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।

ওই তরুণী আরও বলেন, ‘দীর্ঘদিনের সম্পর্কে হামিম আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগও ছিল। এখন আমার ফিরে যাওয়ার মতো কোনো জায়গা নেই। হামিম আমাকে স্ত্রী হিসেবে মেনে না নিলে আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে হামিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর বাবা আব্দুল কুদ্দুস বলেন, ‘২১ নভেম্বর ওই তরুণী হামিমের সঙ্গে দেখা করতে আমার জামাতা শাহিন খানের বাড়িতে ওঠেন। পরে গত বুধবার রাত থেকে তরুণী আমাদের বাড়িতে অবস্থান করছেন। হামিম বাড়িতে না থাকায় এ বিষয়ে বিস্তারিত জানা যাচ্ছে না। তরুণীকে তাঁর বাড়িতে ফিরে যেতে বলা হলেও রাজি হননি।’

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।