বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—আলী আকবর সুপন (২৫) ও মো. মাহতাব (২৭)। তাঁরা দুজনই শ্রমিক ছিলেন। আলী আকবরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তাঁর বাবার নাম ফিরোজ আলম। মাহতাবের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বটতলা এলাকায় পটুয়াখালী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
নিহত আলী আকবরের দুলাভাই দাউদ জানান, আলী আকবর ও মাহতাব একসঙ্গে কাজ করতেন। তাঁরা বরিশাল হয়ে লেবুখালীর দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মোটরসাইকেল আরোহী দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।