বরিশালের মেহেন্দীগঞ্জে সিঁধ কেটে একটি বসতঘর থেকে নগদ ১০ লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাসানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামের ইউসুফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে চার ভরি স্বর্ণালংকার, পাঁচ ভরি রুপার অলংকার ও দুটি মোবাইল ফোন। এ ঘটনায় আজ বুধবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কাজীরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইউসুফ হাওলাদার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রাতে পরিবারের সদস্যদের নিয়ে খাওয়াদাওয়া শেষে ঘুমিয়ে পড়েন ইউসুফ হাওলাদার। রাত ৩টার দিকে তাঁর মেয়ের ঘুম ভাঙলে পাশে রাখা মোবাইল ফোনটি দেখতে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের ডেকে তোলেন। পরে ঘরের বাতি জ্বালিয়ে তাঁরা মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
ইউসুফ হাওলাদার অভিযোগ করেন, দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে ঢুকে ওয়ার্ডরোবের তালা ভেঙে নগদ ১০ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকার, পাঁচ ভরি রুপার অলংকার ও দুটি মোবাইল ফোন নিয়ে গেছে।
কাজীরহাট থানার পরিদর্শক (তদন্ত) দীপঙ্কর জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।