বরিশালের হিজলা উপজেলায় মাদক সেবনের অপরাধে ৯ শিক্ষার্থীকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটক শিক্ষার্থীরা ঢাকা, বরিশাল ও স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত হিজলা থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বোম্বাই শহর এলাকা থেকে ৬ জন এবং গুয়াবাড়িয়া ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়।
আজ শনিবার সকালে আটক শিক্ষার্থীদের হিজলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, জরিমানা পরিশোধের পর ভবিষ্যতে এমন অপরাধে না জড়ানোর বিষয়ে সতর্ক করে শিক্ষার্থীদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।