হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উজিরপুর থানা। ছবি: আজকের পত্রিকা

বরিশালের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক পারাপাররত অজ্ঞাতনামা এক প্রতিবন্ধী নারী (৩৫) নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ব্রিজ ও ইচলাদী টোল ঘরের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) সঙ্গে কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মহাসড়ক পারাপাররত ওই নারী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ জানিয়েছে, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা-পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও সেভেন ডিলাক্স বাসটি আটক করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।