হোম > সারা দেশ > বরিশাল

বিএম কলেজের লাইব্রেরির সংকট কাটাতে অধ্যক্ষকে অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লাইব্রেরির সংকট সমাধানের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ। ছবি: আজকের পত্রিকা

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে আসন সংকট, ফ্যান ও পর্যাপ্ত আলো না থাকা, বই তালাবদ্ধ রাখা এবং বহিরাগতদের আসন দখল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার এসব সংকটের সমাধান ও সরেজমিনে পরিদর্শন করানোর লক্ষ্যে অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলামকে জিরো পয়েন্ট থেকে লাইব্রেরির রিডিং রুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে অধ্যক্ষকে দীর্ঘ সময় অবরুদ্ধ রাখার পর রোববারের মধ্যে সংকট সমাধানের আশ্বাস পেয়ে মুক্ত করা হয়।

জানা গেছে, বিএম কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ হাজার। বিপরীতে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে একটি রিডিং রুম রয়েছে, যেখানে সর্বোচ্চ ১০০ জন শিক্ষার্থী বসে পড়াশোনার সুযোগ পান। প্রতিদিন ভোর থেকেই অসংখ্য শিক্ষার্থী রিডিং রুমে একটি সিটের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন।

অভিযোগ রয়েছে, কলেজের মূল শিক্ষার্থীদের পরিবর্তে কলেজের সামনের কোচিং সেন্টারের চাকরির পরীক্ষার্থীরা ভোর থেকেই লাইব্রেরির আসন দখল করে রাখেন। এ ছাড়া ঘনঘন বিদ্যুৎবিভ্রাটে রিডিং রুমে অন্ধকার থাকে। পর্যাপ্ত ফ্যানের অভাবে রিডিং রুমে বসে পড়ার মতো কোনো পরিবেশ থাকে না। লাইব্রেরির সংগ্রহে থাকা লক্ষাধিক বইও তালাবদ্ধ রাখা হয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া বলেন, ‘আমাদের লাইব্রেরির অবস্থা অত্যন্ত নাজুক। হাজার হাজার শিক্ষার্থীর জন্য মাত্র ১০০টি আসন, সেখানেও বাইরের শিক্ষার্থীরা এসে জায়গা দখল করে রাখে। ইদানীং লোডশেডিংয়ে ভেতরে ফ্যান ও আলো না থাকায় পড়াশোনার পরিবেশ তো দূরের কথা, ১০ মিনিট বসে থাকাই অসম্ভব হয়ে পড়ে। লক্ষাধিক বই তালাবদ্ধ রেখে পুরোনো ৮০-৯০ দশকের বই রিডিং রুমে সাজিয়ে রেখেছে, যা কেউ ধরেও দেখে না।’

শাহাবুদ্দিন আরও বলেন, ‘আগামী রোববারের মধ্যে লাইব্রেরির এসব সমস্যা সমাধান এবং নতুন ও যুগোপযোগী চাকরির বই, আসনসংখ্যা বৃদ্ধি, ফ্যান ও লাইটের সমস্যা সমাধান না করা হলে সোমবার থেকে আমরা বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব।’

লাইব্রেরি পরিদর্শনের পর অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সমস্যাগুলোর ব্যাপারে আমি অবগত হলাম। আমাদের লাইব্রেরি পরিচালনার জন্য একটি নির্ধারিত কমিটি রয়েছে, তাদের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের পথ বের করা হবে।’