বরিশালের হিজলায় মসজিদে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় মো. ইদ্রিস মুন্সী (৭৬) নামের এক অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে হিজলা সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা মো. ইদ্রিস মুন্সী উপজেলার বাউশিয়া গ্রামের মৃত আবুল হাসেম মুন্সীর ছেলে। তিনি মধ্য বাউশিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম এবং আলীগঞ্জ মাদ্রাসার সাবেক শিক্ষক।
নিহতের ছেলে উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আল আমিন জানান, তাঁর বাবা জোহর নামাজের জন্য মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন। হিজলা সরকারি কলেজের কাছে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।