জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে হবে।
আজ মঙ্গলবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় সরকারি বিভিন্ন অনুদান ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে যাঁরা প্রকৃত যোগ্য, তাঁদের অগ্রাধিকার দিতে হবে। কোনো ধরনের বৈষম্য না করে সরকারি সহায়তার সুষম বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তথ্যমন্ত্রী।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্যসচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, সরোয়ার হোসেন মিয়া, খন্দকার মোহাম্মদ আলী, আবুল মোল্লা, কার্তিক বেপারী ও শামচুল হক খোকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, সদস্যসচিব সাইফুল আলম শিপন, মনির মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, সদস্যসচিব রাতুল ইসলাম শাহেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।