বরিশালের হিজলা উপজেলায় তেলবাহী ট্যাংকারের সৃষ্ট ঢেউয়ে প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি খেয়া ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পুরাতন হিজলার মেঘনা নদীর বাউশিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, অন্য একটি ট্রলারের যাত্রী ও ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় ট্রলারে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় হিজলার বাউশিয়া খেয়াঘাটের পূর্বপাড় থেকে যাত্রী নিয়ে পুরাতন হিজলা খেয়াঘাটের দিকে যাচ্ছিল ট্রলারটি। ঘাটের কাছাকাছি পৌঁছালে একটি তেলবাহী ট্যাংকারের সৃষ্ট তীব্র ঢেউয়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রলারটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিলেন। এতে নারী, শিশু, বয়োজ্যেষ্ঠসহ প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার পরপরই মেহেন্দীগঞ্জের দাদপুর খেয়াঘাট থেকে ছেড়ে আসা একটি বড় ট্রলার ঘটনাস্থলে পৌঁছে কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। এ সময় কয়েকজন সাঁতরে তীরে ওঠেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। হঠাৎ ট্রলারডুবির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পানিতে ভিজে ও শীতের কারণে নারী ও শিশুরা দুর্ভোগে পড়েন। অনেককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। তবে সাঁতরে এবং আশপাশের ট্রলারের সহযোগিতায় সবাই তীরে উঠতে সক্ষম হন।
দুর্ঘটনার শিকার ট্রলারের যাত্রী মনসুর ঘরামী অভিযোগ করে বলেন, ট্রলারটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল। চালককে অতিরিক্ত যাত্রী না তুলতে নিষেধ করা হলেও তিনি তা উপেক্ষা করে যাত্রী তুলেছেন। তাঁর মতে, অতিরিক্ত যাত্রী বহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
হিজলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা মো. মাসুদ রানা বলেন, অতিরিক্ত যাত্রী এবং তেলবাহী ট্যাংকারের সৃষ্ট ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনাটি নদীর তীরের কাছাকাছি হওয়ায় এবং স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসায় সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত একজনকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও দুই থেকে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।