বরিশালে বরখাস্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পৈতৃক বাড়ি ‘তহুরা মঞ্জিল’-এর সামনে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা ব্যানার টানিয়েছে ছাত্র-জনতা ও গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বৈদ্যপাড়া এলাকার কলেজ রোড-সংলগ্ন নাসির উদ্দিন সড়কে অবস্থিত বাড়িটির মূল ফটক ও সীমানাপ্রাচীরে এসব ব্যানার টানিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, ন্যায়বিচার ও জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
সরেজমিনে দেখা যায়, তিনতলা বাড়িটির মূল ফটকের বাঁ পাশে লাল অক্ষরে ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ ও ডান পাশে ‘এই সেই সিরিয়াল কিলার জিয়াউল আহসান’ লেখা দুটি বড় ব্যানার টানানো হয়েছে। এ ছাড়া সীমানাপ্রাচীরে টানানো আরও একটি ব্যানারে ২০১২ সালে বরিশালের ছাত্রদল নেতা দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানকে গুমের ঘটনা তুলে ধরে তাঁদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভে গুমের শিকার ব্যক্তিদের স্বজন ও স্থানীয় ছাত্র-জনতা অংশ নেয়। এ সময় দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের সন্ধান ও ন্যায়বিচারের দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে আজও কোনো খোঁজ পাইনি। ওদের কী অপরাধ ছিল? কেন ওদের এভাবে গুম করা হলো?’
বিক্ষুব্ধ ছাত্র-জনতার পক্ষে মো. নাঈম বলেন, ‘জিয়াউল আহসান যে মানবতাবিরোধী অপরাধ ও নৃশংসতা চালিয়েছেন, তা নজিরবিহীন। বরিশালের মানুষ এই কলঙ্ক বয়ে বেড়াতে চায় না। আমরা এই সিরিয়াল কিলারের সর্বোচ্চ শাস্তি এবং জনসম্মুখে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।’
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, র্যাবে (বর্তমানে এসআরবি) কর্মরত থাকাকালে জিয়াউল আহসান অসংখ্য মানুষকে গুম করেছেন। তাঁদের গোপন বন্দিশালা ‘আয়নাঘরে’ আটকে রেখে নির্যাতন ও হত্যার অভিযোগও করেন তাঁরা। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার প্রসঙ্গ তুলে বক্তারা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। আজ বৃহস্পতিবার বরিশালে তাঁর পৈতৃক বাড়ির সামনে বিক্ষোভের সময় ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছিল। দুই পক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।
এর আগে ১৯ নভেম্বর বিকেলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি তহুরা মঞ্জিলে ভাঙচুর চালান এবং নিচতলার একটি কক্ষে আগুন দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাড়িটিতে বসবাসরত জিয়াউল আহসানের ভাইয়েরা আত্মগোপনে রয়েছেন।