হোম > সারা দেশ > বরিশাল

ইউএনওর হস্তক্ষেপে গাছ কাটা বন্ধের ১৩ দিন পর ফের কেটে ফেলার অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 

সড়কের পাশে কাটা রেইনট্রি গাছ। ছবি: আজকের পত্রিকা

বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে অবৈধভাবে সরকারি গাছ কাটা বন্ধ করার ১৩ দিন পর সেই গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট-কুমারভাঙ্গা সড়কের পাশ থেকে গাছগুলো কাটা হয়।

জানা গেছে, গত ২৬ জুলাই সড়কের পাশ থেকে অবৈধভাবে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেন ইউএনও নিরুপম মজুমদার। এর ১৩ দিন পর আজ সকালে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জলিল বয়াতি গাছগুলো স্থানীয় ব্যবসায়ী সোহরাব সিকদারের কাছে বিক্রি করেন। পরে সোহরাব সিকদার কিছু শ্রমিক দিয়ে একটি বড় রেইনট্রি গাছ কেটে ফেলেন। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগকে কাটা গাছ জব্দ করার নির্দেশ দেন ইউএনও।

সরেজমিনে দেখা যায়, শ্রমিকেরা গাছগুলোর মধ্যে দুটি বড় চাম্বল গাছ আগেই কেটে ফেলেছেন আর বাকি একটি রেইনট্রি আজ কেটে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে ইউএনও নিরুপম মজুমদার বলেন, ‘এর আগে বন বিভাগের মাধ্যমে গাছ কাটা বন্ধের নির্দেশ দিয়েছিলাম। আবার ১৩ দিন পর সেই গাছ কেটে ফেলেছে। আমি কাটা গাছ জব্দ করার নির্দেশ দিয়েছি।’