হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সিভিল জজ নি‌খোঁজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শেখ ফারহান নাদিম। ছবি: সংগৃহীত

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ শেখ ফারহান নাদিম গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। সন্ধ্যায় আদালত থেকে বাসার উদ্দেশে বের হওয়ার পর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শেখ ফারহান নাদিম উজিরপুর উপজেলা আদালতের সহকারী জজ হিসেবে কর্মরত। বরিশালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিচারক নাদিমের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

উজিরপুর আদালতের পেশকার সঞ্জীব কুমার দাস জানান, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন বিচারকদের সরকারি বাসভবনে পরিবার নিয়ে থাকেন নাদিম। আদালত থেকে তাঁর বাসভবনের দূরত্ব প্রায় এক কিলোমিটার।

সঞ্জীব কুমার দাস বলেন, নাদিম অন্য বিচারকদের বহনকারী মাইক্রোবাসে যাতায়াত করতেন না। বেশির ভাগ সময় তিনি হেঁটে কিংবা রিকশায় আদালতে যাতায়াত করতেন। গতকাল মঙ্গলবার দাপ্তরিক কার্যক্রম শেষে বিকেলে নাদিম বাসার উদ্দেশে আদালত থেকে বের হন। রাতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি বাসায় পৌঁছাননি।

মোবাইল ফোন ট্র্যাকিং করে রাতে নগরের হেমায়েত উদ্দিন রোডের কসাই মসজিদ এলাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। সকালে আদালতে না পৌঁছালে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়।

বেলা আড়াইটার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিররুল ইসলাম জানান, বিচারক নিখোঁজ থাকার বিষয়ে আদালতের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সালেহ মো. রায়হান জানান, বিচারক নিখোঁজের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে নিয়েছে। তাঁর সন্ধানে সব ধরনের চেষ্টা চলছে।