বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় নারী, শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
আহতদের স্বজনেরা জানান, ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তার মধ্যে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন হনুফা বেগম, ইতি ও ফাহিম। প্রাণ বাঁচাতে তাঁরা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শাহ আলম হাওলাদারের ছেলে জামাল তালুকদার বলেন, ‘ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে একটি বোমার মতো বস্তু বিস্ফোরিত হয়। এতে আমার মা, বোন ও ভাগনের শরীরে আগুন ধরে যায়। তবে ওই বিস্ফোরকটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে আমাদের কিছুই জানা নেই।’
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।