হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কথা ঢালী (১৬) নামের এক শিক্ষার্থী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল সোমবার রাতে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) মর্গে পাঠানো হয়েছে।

কথা উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের বিমল ঢালীর মেয়ে। সে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে কথা অকৃতকার্য হয়। পরিবারের সদস্যদের ভাষ্য, ফলাফল খারাপ হওয়ায় অভিমান করে রাতে নিজের ঘরে গলায় ফাঁস নেয় সে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, আজ মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।