বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘের থেকে মহসিন মল্লিক বাবু (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাবু উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সির তালুক গ্রামের নয়ন মল্লিকের ছেলে। সে পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় বাবু। এরপর সে আর ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়রা দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরে তার মরদেহ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।