হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে চলমান উত্তেজনার মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শিবিরের একটি মিছিলকে কেন্দ্র করে আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মিছিলটি প্রধান ফটকের দিকে পৌঁছালে ছাত্রদলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, এতে বহিরাগতরা অংশ নিয়েছেন। এ সময় মিছিল থেকে একজনকে আটক করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এরপর বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে প্রধান ফটকসংলগ্ন মহাসড়কের পাশে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রদলের নেতা-কর্মীরা মহাসড়কে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম দাবি করেন, ‘অদম্য জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়েছিল। মিছিলটি উপাচার্যের ৪ নম্বর গেটের দিকে যাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। তাঁদের মিছিলে কোনো বহিরাগত ছিল না বলেও দাবি করেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

জাকারিয়া ইসলামের অভিযোগ, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম, আল আমিন, হাফিজুর রহমান, শাহীনসহ কয়েকজন আহত হয়েছেন।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ক্যাম্পাসে বহিরাগত এনে শিবির অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। তাই তাঁদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো ‘গুপ্ত সংগঠন’ থাকতে দেওয়া হবে না—এ দাবি তাঁরা উপাচার্যের কাছে জানিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশিদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) বেলাল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ঝামেলার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। ঘটনার পরপরই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা উভয় পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছি।’

রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস

খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত

ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, সংবাদ প্রকাশের পর বদলি আবুল বাসার

বরিশালে বিস্ফোরক সক্রিয় করতে ‘বুবি ট্র্যাপ’, তদন্তে একাধিক সংস্থা

বরিশাল বিএম কলেজে ছাত্রদল-শিবিরের মধ্যে উত্তেজনা

হালিমা খাতুন বালিকা বিদ্যালয়: অ্যাডহক কমিটিতে সভাপতি বিএনপি নেতা, সদস্য স্ত্রী

বিএনপির দুই পক্ষে দ্বন্দ্ব: চরকাউয়ার ৬ রুটে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ

বরিশালে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৩

বিএম কলেজ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি মারজান, সম্পাদক অর্ণব

বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৩