হোম > সারা দেশ > বরিশাল

র‍্যাগিংয়ের অভিযোগ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ফাইল ছবি

র‍্যাগিংয়ের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শৃঙ্খলা বোর্ড। এর মধ্যে মার্কেটিং বিভাগের ১৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব ও প্রক্টর মেহেদী হাসান সোহাগ আজ মঙ্গলবার এ তথ্য স্বীকার করেছেন।

অভিযুক্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা হলেন এস এম সাইফুজ্জামান, ঐশী মহন্ত, সুরাইয়া আক্তার, কিশোর কুমার দত্ত, জান্নাতুল বুশরা জুনি, মেহেদী হাসান অমি, নূরনবী, আলিফ হোসেন নয়ন, আজিজুল ইসলাম চয়ন, খালেদ হোসেন, রিফাত হাওলাদার, সৌরভ মালি ও হাসিব শেখ।

অপর দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলেন মো. রাকিবুল ইসলাম, মাহি আনোয়ার, সুমাইয়া আক্তার রিয়া, মো. নাঈম ইসলাম, সাদিয়া ইসলাম, মো. আরিফুল ইসলাম, মো. ওয়েদুজ্জামান রিফাত, ইয়ামিন হোসেন, ফারিয়া বিনতে হোসেন ইলমা ও মো. কাজী নাবির।

ববির প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ১৪তম এবং ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের পৃথক ঘটনায় র‍্যাগিংয়ের শিকার হতে হয়। ওই ২ ঘটনায় মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জড়িত ছিল। বিষয়টি খতিয়ে দেখতে নিজ নিজ বিভাগ তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ডের এক সভায় ওই ২৪ জনকে শোকজ করে।

এ ব্যাপারে ববি প্রক্টর মেহেদী হাসান সোহাগ বলেন, র‍্যাগিংয়ের ঘটনা মার্কেটিং বিভাগে এ নিয়ে ৫ বার হয়েছে। আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ১ বার। শৃঙ্খলা বোর্ড তাদের ৩ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলেছে। জবাব সন্তুষ্ট না হলে জরিমানার মুখে পড়তে পারে।