চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে খাবার তুলে দিয়ে দেশজুড়ে আলোচনায় আসে এক কন্যাশিশু। সেই শিশুর বাবা অনিক সরদারকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
ইউএনও জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসা গ্রহণ করবেন। অনিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাঁর স্ত্রী যাতে কাজ করে স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।
অনিকের কন্যাশিশুর পড়াশোনার বিষয়ে ইউএনও মো. আলী সুজা বলেন, ‘ওই শিশু যে স্কুলে পড়াশোনা করে আজ দুপুরে সেখানে আমি নিজে গিয়ে খোঁজখবর নিয়েছি। শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তাঁরা শিশুটির পড়াশোনায় বিশেষ নজর রাখবেন। এ ছাড়া তার পড়াশোনা চালিয়ে যেতে সার্বিক সহযোগিতা করব। পাশাপাশি শিশুটির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে, যাতে ইচ্ছুক যে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন।’
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে উজিরপুরের বামরাইল বাজারের একটি দোকানে চুরির অভিযোগে অনিক সরদারকে আটক করে স্থানীয়রা। পরে তাঁকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। সকালে বাবার এমন অবস্থা দেখে ছুটে যায় তাঁর ছোট্ট মেয়ে। সারা রাত না খেয়ে থাকা বাবার মুখে দোকান থেকে রুটি ও চা নিয়ে নিজের হাতে তুলে দেয় শিশুটি।
স্থানীয় এক যুবক এই হৃদয়স্পর্শী দৃশ্যটি ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।