চার বছরের শিশুসন্তানকে নিয়ে বাঁচতে চান ২৬ বছর বয়সী রোজিনা আক্তার। কিন্তু শারীরিক অসুস্থতা আর চরম আর্থিক সংকট তাঁর সেই স্বপ্নকে ক্রমেই কঠিন করে তুলছে। এক বছরের বেশি সময় ধরে কোমর ও হিপের জয়েন্টের গুরুতর সমস্যায় ভুগছেন তিনি। স্বাভাবিকভাবে চলাফেরা করাও এখন তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সুস্থ জীবনে ফিরতে হলে দ্রুত দুই পাশে হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা। কিন্তু অর্থের অভাবে থমকে আছে তাঁর চিকিৎসা। তাই নিজের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আকুতি জানিয়েছেন রোজিনা।
রোজিনা আক্তারের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে। তিনি একজন তালাকপ্রাপ্তা ও কর্মহীন নারী। কোনো উপার্জন না থাকায় একদিকে নিজের চিকিৎসার ব্যয়, অন্যদিকে চার বছর বয়সী শিশুসন্তানের ভরণপোষণ—সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কোমর থেকে উরু পর্যন্ত তীব্র ব্যথায় ভুগছেন রোজিনা। প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের পরামর্শ দেন।
রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আসিফ হাসান খানের তথ্য অনুযায়ী, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে রোজিনার শরীরের উভয় পাশের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা জরুরি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই পাশে অস্ত্রোপচারের জন্য সাড়ে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু কর্মহীন রোজিনার পক্ষে এত টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ফলে অর্থের অভাবে আটকে রয়েছে তাঁর চিকিৎসা। প্রতিনিয়ত শারীরিক যন্ত্রণা সহ্য করে অত্যন্ত কষ্টে দিন কাটাতে হচ্ছে তাঁকে।
রোজিনা আক্তার বলেন, ‘আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার ছোট্ট সন্তানকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসকেরা দ্রুত অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন। দেশের হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানটির মুখের দিকে তাকিয়ে চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’
একজন মায়ের স্বাভাবিক জীবনে ফেরার আকুতি আর একটি শিশুর ভবিষ্যৎ—দুটিই এখন নির্ভর করছে প্রয়োজনীয় চিকিৎসার ওপর। সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে রোজিনার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতে পারে। সহযোগিতা পাঠাতে ও যোগাযোগ করতে পারেন রোজিনার ছোট ভাই ০১৪০৬৮৩৯০০৬ (বিকাশ) এই নম্বরে।