বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সুমন সিকদার (৩৮) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন থানার ওসি আদিল হোসেন।
নিহত সুমন সিকদার (৩৮) কালেরকাঠী গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।
নিহত সুমনের মা মনোয়ারা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারকে এলোপাতাড়ি আঘাত করেন। পরে মৃত্যু নিশ্চিত ভেবে সুমনকে বাড়ির পাশে একটি পুকুরে ফেলে চলে যায় তাঁরা। খবর পেয়ে পুলিশ সুমনকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সত্যজিৎ দত্ত তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের ছেলে তানভীর সিকদার জানায়, কিছুদিন আগে মনি বেগম নামে স্থানীয় এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করে তাঁকে নিয়ে পালিয়ে যান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদার। এ ঘটনা নিয়ে তার বাবা সুমন সিকদারের সঙ্গে মনা তালুকদারের শত্রুতা তৈরি হয়েছিল।
থানার ওসি আদিল হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।