হোম > সারা দেশ > বরিশাল

হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

হিজলার ছয়গাঁও বাজারে আগুনে পুড়ছে দোকান। ছবি: সংগৃহীত

বরিশালের হিজলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে বাজারের পশ্চিম পাশে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, রাতে বাজারের একটি দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন তা নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দোকানমালিকেরা হলেন গঙ্গাপুর গ্রামের আলমগীর দরী ও শফিক দরী, ডিক্রিরচর গ্রামের মনছুর খান ও ফরিদ বেপারী এবং চর ছয়গাঁও গ্রামের রফিক বিশ্বাস।

স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, পাশাপাশি থাকা তিনটি চায়ের দোকানের কোনো একটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রফিক বিশ্বাস বলেন, আগুনে দোকানের মালামালসহ তাঁদের সবকিছু পুড়ে গেছে। এতে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ২০২৫ ও ২০২৬ সালে এ নিয়ে একই বাজারে তিনবার অগ্নিকাণ্ড ঘটল। বারবার আগুন লাগায় তাঁদের মধ্যে উদ্বেগ ও সন্দেহ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে নাশকতা বা পরিকল্পিত কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

হিজলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আওলাদ হোসেন বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেলেও মেঘনা নদী পার হতে না পারায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।