হোম > সারা দেশ > বরিশাল

আইনশৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক তদবিরে কাউকে ছাড় নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক চাপ, ব্যক্তিগত অনুরোধ বা তদবিরের কাছে নতি স্বীকার করা যাবে না বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, কোনো ব্যক্তি বা মহলের অনুরোধে অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। দায়িত্ব পালনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

আজ সোমবার বিকেলে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য নয়। এটি শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, একজন সুনাগরিকেরও নৈতিক দায়িত্ব।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি জরুরি। এ জন্য প্রয়োজনীয় স্থানে আরও ক্যামেরা স্থাপন করতে হবে। অর্থের অভাবকে এ ক্ষেত্রে বাধা হিসেবে না দেখে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব ও বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন শিকদার, রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান।