হোম > সারা দেশ > বরিশাল

কাজিরহাটে শাবল দিয়ে পিটিয়ে মাকে হত্যা, নেশাগ্রস্ত ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাকে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে (২৩) আটক করেছে পুলিশ।

নিহত নিরু বেগম ওই গ্রামের রহিম ফকিরের স্ত্রী। অভিযুক্ত রবিউল কৃষিকাজের সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মায়ের কাছে টাকা চান রবিউল। টাকা না পেয়ে একপর্যায়ে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জেরে লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই নিরু বেগমের মৃত্যু হয়। এ সময় বাবাকেও মারধর করেন রবিউল। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।

ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. খোকন মাতুব্বর বলেন, রবিউল কৃষিকাজ করেন এবং দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য মায়ের সঙ্গে বিরোধের একপর্যায়ে শাবল দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করেন। পরে স্থানীয়রা নিরু বেগমকে উদ্ধার করে দফাদারহাটের মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রবিউল তাঁর বাবাকেও মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে রাখেন। খবর পেয়ে কাজিরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, টাকার জন্য রবিউল ফকির তাঁর মা নিরু বেগমের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিউলকে আটক করেছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।