হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, রোগীদের মধ্যে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন ভবনে আজ বৃহস্পতিবার রাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন আর ধোঁয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের স্টাফ ও আশপাশের লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়েছিল। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী রিশাদ খান বলেন, আজ রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় আগুন ধরে যায়। এতে আতঙ্ক দেখা দেয়। দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করে রোগী ও তাদের স্বজনেরা। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁর ধারণা, সিগারেটের আগুনে এ দুর্ঘটনা ঘটেছে।

রহিম উদ্দিন নামে রোগীর এক স্বজন বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই ধোঁয়ার ভয়ে সবাই ছোটাছুটি করতে থাকে। যে যেভাবে পারছে, দ্রুত নেমে যায়।

বরিশাল ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমের লিডার শহিদুল ইসলাম বলেন, হাসপাতালে আগুন লাগার খবরে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।