হোম > সারা দেশ > বরিশাল

মুকসুদপুরে অবরোধ, বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লকডাউনের প্রভাবে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হয়। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাবে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে যেতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মধ্যে পড়েছে। আজ বৃহস্পতিবার দিনভর মুকসুদপুর উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ ও অবরোধ করেন। এ ছাড়া মাদারীপুরের টেকেরহাট বন্দর এলাকাতেও বিক্ষোভকারীরা অবস্থান নেন। ফলে ভাঙ্গা থেকে মাদারীপুর ও বরিশাল হয়ে কুয়াকাটামুখী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মুকসুদপুর উপজেলার বড়ইতলা এলাকায় গিয়ে আটকা পড়ে।

স্থানীয় সূত্রগুলো জানায়, টেকেরহাটের পর বড়ইতলা, রাগদী ও দিকনগর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল-চট্টগ্রাম রুটের সৌদিয়া পরিবহনের বরিশালের ইনচার্জ ইমাম হোসেন সিকদার জানান, বৃহস্পতিবার সকালে তাঁদের একটি বাস বরিশাল থেকে ছেড়ে বড়ইতলা এলাকায় গিয়ে আটকা পড়ে। বেলা ১১টার দিকে সেখানে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছিল বলে জানান তিনি।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, লকডাউনের কারণে বৃহস্পতিবার যাত্রীর সংখ্যা কম ছিল। ঢাকা রুটে সীমিতসংখ্যক বাস ছেড়ে গেলেও সেগুলো মুকসুদপুর উপজেলার বড়ইতলা এলাকায় গিয়ে আটকা পড়ে। পরে বেশির ভাগ বাস বরিশালের দিকে ফিরে আসে।